গাজায় সাহায্য যাবে কিন্তু হামাস সুবিধা পাবে না: ব্লিংকেন

আপডেট : ২৫ মে ২০২১, ১৯:৫৯

মিশরের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর আজ মঙ্গলবার (২৫ মে) ইসরায়েল সফরে গিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন। সেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন তিনি। খবর আল জাজিরা।

ব্লিংকেন বলেন, আমি আশ্বস্ত করছি গাজা উপত্যকায় আন্তর্জাতিক সাহায্য পৌছাবে। তবে এতে হামাসের কোনো লাভ হবে না। গাজায় আমরা পুনর্বাসনের জন্য কাজ করবো। তবে আমি নিশ্চিত করছি হামাস সেখানে কোনো সুযোগ কাজে লাগাতে পারবে না।

যৌথ সংবাদ সম্মেলনে হামাসকে হুমকি দিয়ে নেতানিয়াহু বলেন, হামাস যদি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েলে আক্রমণ করে তাহলে আমরা এর প্রেক্ষিতে খুব শক্তিশালী ব্যবস্থা নেবো।

জানা যায়, যুদ্ধবিরতি আরোও দৃঢ় করার লক্ষ্যেই ইসরায়েল সফর করছেন ব্লিংকেন। সফরকালে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে হামাস নেতৃবৃন্দের কারো সাথে তার সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই।

ইত্তেফাক/টিআর