নওগাঁয় শুরু হয়েছে আমপাড়া উত্সব

আপডেট : ২৫ মে ২০২১, ২১:০০

নওগাঁ প্রতিনিধি

দেশে আম উত্পাদনে শীর্ষ জেলা নওগাঁয় শুরু হয়েছে আমপাড়া উত্সব। গতকাল মঙ্গলবার বিকালে জেলার সাপাহার উপজেলার বরেন্দ্র এগ্রো ফার্ম বাগানে আনুষ্ঠানিকভাবে আমপাড়া কার্যক্রমের উদ্বোধন করা হয়। এছাড়া আমপাড়া উদ্বোধন উপলক্ষ্যে সাপাহার উপজেলা সদরে আমচাষি ও বিপণনকারীদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামছুল ওয়াদুদ, সাপাহার উপাজেলা কৃষি কর্মকর্তা মজিবুর রহমান,  উপজেলা আমচাষি সমিতির যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান, আম আড়তদার সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমানসহ প্রমুখ।

সভায় আমচাষি ও ব্যবসায়ীরা বলেন, নওগাঁর আম স্বাদে ও গুণে খুবই ভালো। ব্র্যান্ডিংয়ে পিছিয়ে থাকায় এই এলাকার আম দেশের বিভিন্ন বাজারে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর আম বলে বিক্রি হচ্ছে। ইতিমধ্যে গত বছরের মতো নওগাঁ আম উত্পাদনে দেশের শীর্ষ স্থান দখল করেছে। আমের রাজধানী এখন নওগাঁ । ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রেও নওগাঁকে এগিয়ে নেওয়ার জন্য গণমাধ্যম ও প্রশাসনের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

আম বাজারজাতকরণে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তারা আরো বলেন, আম বাজারজাত করার সময় আড়তদের মাধ্যমে বিভিন্নভাবে হয়রানির শিকার হন। এছাড়া আমের ভরা মৌসুমে সাপাহার উপজেলা সদর প্রায় ৩০০  আমের মোকামকে আম  কেনা হয়। ফলে প্রধান সড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ার ফলে আম বিপণনে বিড়ম্বনার শিকার হন চাষি ও পথচারীরা। আম বাজারজাতকরণের সমস্যা ও পথচারীদের ভোগান্তি দূর করতে প্রশাসনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।