আড়াই বছর পর সাকিবের ‘ডাক’

আপডেট : ২৫ মে ২০২১, ২১:০৯

স্পোর্টস রিপোর্টার

ওয়ানডে ক্রিকেটে গতকাল ক্যারিয়ারের ২১১তম ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। তিন বল খেলে রানের খাতা খুলতে পারেননি, দুশমন্থ চামিরার বলে এলবির ফাঁদে পড়েন তিনি। ওয়ানডেতে এটি তার ১১তম ‘ডাক’। এই ফরম্যাটে আড়াই বছর পর শূন্য রানে আউট হলেন সাকিব। এর আগে ২০১৮ সালের এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে শূন্য রানে ফিরেছিলেন তিনি। অবশ্য তখন রানআউট হয়েছিলেন। প্রিয় ব্যাটিং পজিশন তিনে ফিরলেও সাকিবের ব্যাটে ছন্দ নেই। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ১৫ রান করেছিলেন। গতকাল শূন্য রানে ফেরার ইনিংসেই মুশফিকের কাছে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ডটা হারিয়েছেন সাকিব।