জিম্বাবুয়ে সফরে টেস্ট কমছে

আপডেট : ২৫ মে ২০২১, ২১:১৫

পাঁচটি করে টি-২০ খেলবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড

 স্পোর্টস রিপোর্টার

চলতি বছরে টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। তবে দেশটিতে করোনা ভাইরাসের ঊর্ধ্বগতি বিশ্বকাপকে শঙ্কায় ফেলে দিয়েছে। বিশ্বকাপ ভারতে হবে কি না, দ্রুতই সিদ্ধান্ত হবে। বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। সফরে টাইগারদের বিরুদ্ধে পাঁচটি করে টি-২০ খেলবে দুই দল। এছাড়া জুলাইয়ে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরে একটি টেস্ট কমছে। তবে টেস্ট কমালেও সফরে একটি টি-২০ বাড়ানো হয়েছে।

গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান। জানতে চাইলে বিসিবির এ পরিচালক বলেছেন, ‘অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড পাঁচটি করে টি-২০ খেলবে আমাদের এখানে।’জিম্বাবুয়ে সফরে টেস্ট কমানো প্রসঙ্গে আকরাম খান বলেছেন, ‘এটা আগেই সিদ্ধান্ত হয়েছে। আমরা সফর থেকে একটি টেস্ট কমানোর সিদ্ধান্ত নিয়েছি এবং একটা টি-২০ যোগ করছি।’ মূলত ৩১ মে শুরু হতে চলা ঢাকা প্রিমিয়ার লিগ খেলার জন্যই সফর থেকে একটি টেস্ট কমানো হয়েছে বলে উল্লেখ করেন বিসিবির এ পরিচালক। যাতে জাতীয় দলের ক্রিকেটাররা পুরো লিগ খেলতে পারেন। টি-২০ ফরম্যাটের লিগের জন্য এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে ক্লাবগুলো।

আট বছর পর আগামী জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে (সর্বশেষ ২০১৩ সালে) যাচ্ছে বাংলাদেশ দল। সফরে স্বাগতিকদের বিরুদ্ধে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ খেলার কথা ছিল টাইগারদের। সেখানে টেস্ট কমিয়ে, টি-২০ যোগ করছে বিসিবি। জানা গেছে, আগামী ২৯ জুন জিম্বাবুয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। একমাত্র টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে ৭ জুলাই। তার আগে ৩-৪ জুলাই দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। হারারেতে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৬, ১৮, ২০ জুলাই। তিন ম্যাচের টি-২০ সিরিজ হবে ২৩, ২৫ ও ২৭ জুলাই।