ইউরোপা লিগ ফাইনাল আজ
স্পোর্টস ডেস্ক
ফুটবল র্দশক আজ আরেকটি ফাইনাল দেখার সুযোগ পাচ্ছেন। আজ ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল এবং ইংলিশ লিগের ম্যানচেস্টার ইউনাইটেড। এই দুই দলের আগের চার বারের মুখোমুখিতে ম্যানচেস্টার ইউনাইটেড জয়ের মুখ দেখেনি। জয় তো দুরের কথা ভিয়ারিয়ালের জালে গোলও করতে পারেনি ম্যানচেস্টার। রাত ১টায় সনি টেন চ্যানেলে চোখ রাখতে পারেন দর্শক।
ম্যানচেস্টারের জন্য আজ আবার সেই সুযোগ এসেছে। এক সঙ্গে দুটি আদায় হয়ে যাবে, গোল করা এবং ম্যাচ জেতা। ইউরোপা লিগের ফাইনালে পোল্যান্ডের পলসাত প্লাস এরিনায় ভিয়ারিয়ালের বিপক্ষে পঞ্চমবারের মতো মুখোমুখি দেখায় নামছে ইংলিশ লিগের সবচেয়ে সফল এই ক্লাবটি।
জয়ের সঙ্গে শিরোপার খোঁজে থাকা ম্যানইউ ফাইনালের ফেবারিট বটে। তবে ভিয়ারিয়াল ভয় জাগানিয়া দলই। বিশেষ করে দলটির কোচ উনাই এমেরি তো বিখ্যাত ইউরোপা লিগে তার সফলতার জন্য। আরেক স্প্যানিশ ক্লাব সেভিয়াকে এই আসরে তিনটি শিরোপা এনে দেয়ার কৃতিত্ব আছে এমেরির। আর্সেনালকে নিয়ে একবার রানার্স-আপও হয়েছেন। চতুর্থবারের মতো ইউরোপা জিততে এমেরি যে তার ছাত্রদের সাধ্যের সবটুকু নিগড়ে আনার চেষ্টা করবেন তা বলা বাহুল্য।
এবারের লিগ মৌসুমে সাতে থেকে শেষ করেছে ভিয়ারিয়াল। পরের মৌসুমে ইউরোপিয়ান ফুটবল টুর্নামেন্টে খেলতে হলে এই ফাইনাল জেতার কোনো বিকল্প তাই খোলা নেই ইয়েলো সাবমেরিনদের জন্য। সেমিফাইনালে আর্সেনালকে হারিয়ে আসা ভিয়ারিয়াল আন্ডারডগ হিসেবে ফাইনালে নামতে চললেও, জেরার্ড মোরেনো, পাকো আলকাসের, পাও তোরেস, ফ্রান্সিস কোকলেইন, দানি পারেহোদের নিয়ে গড়া দল সমীহ জাগাতে বাধ্য। নিজেদের দিনে এই তারকারা যেকোনো দলের জন্য মূর্তিমান আতঙ্কের নাম।
অষ্টমবারের মতো ইউরোপিয়ান কোনো মেজর টুর্নামেন্টের ফাইনালে নামা ম্যানইউ আছে দারুণ ছন্দে। এবারের লিগ মৌসুমে দুইয়ে থেকে শেষ করেছে ওলে গানার সুলসারের দল। এই নরওয়েজিয়ান কোচের অধীনে এবারই প্রথম কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে রেড ডেভিলসরা। ক্লাবকে দ্বিতীয় এবং কোচকে প্রথম ইউরোপার শিরোপা এনে দিতে আজ তাই ব্রুনো ফের্নান্দেজ, পল পগবা, ম্যাসন গ্রিনউডদের সেরাটাই দিতে হবে।
০ আগের চার দেখায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যানইউর গোলসংখ্যা। ইউরোপিয়ান ফুটবলে ভিয়ারিয়ালই একমাত্র প্রতিপক্ষ যাদের বিপক্ষে একাধিক ম্যাচ খেলেও গোল নেই রেড ডেভিলসের।
১ প্রথমবারের মতো ইউরোপিয়ান টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ভিয়ারিয়াল। ১১তম স্প্যানিশ ক্লাব হিসেবে কোনো ইউরোপ সেরার ফাইনালে খেলতে নামবে ইয়েলো সাবমেরিনরা।
৮ ইউরোপিয়ান মেজর টুর্নামেন্টের ফাইনালে ম্যানইউর ম্যাচসংখ্যা। ইংলিশ লিগের দলগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ফাইনাল খেলার রেকর্ড এটি। সর্বোচ্চ ১৪ ফাইনালে খেলেছে লিভারপুল।
৯ ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে সবধরনের ইউরোপিয়ান টুর্নামেন্টের শেষ ৯ ফাইনালেই জিতেছে স্প্যানিশ ক্লাবগুলো। সবশেষ স্প্যানিশ ক্লাব হিসেবে আলাভেজ ২০০০-০১ মৌসুমে উয়েফা কাপে হেরেছিল লিভারপুলের কাছে।
