করোনা পরিস্থিতি কবে শেষ হবে, তা কেউ জানে না। আমাদের মতো নিম্ন-মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করছে তারা পড়েছে মহাবিপাকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী গ্রাজুয়েশন শেষ করছে। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে আমরা বুঝতে পারব কেমন আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনলাইন ক্লাসের মাধ্যমে তাদের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিচ্ছে। কিন্তু গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা পারছে না অনলাইন ক্লাস করতে, পারছে না পরীক্ষা সম্পন্ন করতে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর আটকে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চতুর্থ বর্ষের পরীক্ষা। গ্রাজুয়েশন সম্পন্ন করতে না পারায় হতাশায় ডুবে আছে। তারা আশঙ্কা করছে সেশনজটে আটকে যাওয়ার। দীর্ঘ সময় ধরে অপেক্ষার পর ক্লাস বা পরীক্ষা না হওয়ায় হতাশ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। তারা পারছে না তৃতীয় বর্ষের পড়াশোনা শুরু করতে, পারছে না পড়াশোনায় মনোযোগ দিতে। অনিশ্চিত হয়ে পড়ছে অনেক মেধাবীর স্বপ্ন। অনার্স দ্বিতীয় বর্ষের ক্লাস ও পরীক্ষা শেষ করলে শিক্ষার্থীদের মাঝে কিছুটা হলেও সেশনজটে না পড়ার স্বস্তি আসবে। এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন এই যে, শিক্ষার্থীদের সমস্যাগুলোর দিকে নজর দিন।
আবদুল্লাহ আল মারুফ
ইসলামীয়া সরকারি কলেজ, সিরাজগঞ্জ
