টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের টঙ্গীতে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। সোমবার সকালে বনমালা দক্ষিণ টেকপাড়া শাহ মিয়ার খামারের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম মানিক (২৩)। সে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার গতলা গ্রামের শহীদ মিয়ার ছেলে। সে এই এলাকার ভাসমান মাদকসেবী ছিল।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুরের টঙ্গীর বনমালা শাহ মিয়ার খামারের ডোবার ঘাসের নিচে গলা কাটা লাশ দেখতে পায় এলাকাবাসী। পুলিশ খবর পেয়ে গলা কাটা লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাসুদ জানান, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে—পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।
