গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ডাকাতি হওয়া ১৫টি গরু ও দুইটি মহিষ উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার গাজীপুর পুলিশ সুপার এস এম শফিউল্লাহ তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো—ঢাকার তুরাগ থানার দিয়াবাড়ি এলাকার আরব আলীর ছেলে আবুল কাশেম ও জামালপুর সদর ?উপজেলার নান্দিনা গ্রামের মৃত চান মিয়ার ছেলে মনির হোসেন।
পুলিশ সুপার এস এম শফিউল্লাহ জানান, সোমবার ভোরে রাজশাহী সিটিহাট থেকে রিমন হোসেন নামে এক ব্যক্তি ১৬টি গরু ও দুইটি মহিষ ট্রাকে করে মুন্সীগঞ্জের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি গরু অসুস্থ হয়ে পড়লে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ফ্লাইওভার ব্রিজের পূর্বপার্শ্বে ট্রাকটি দাঁড় করান। এ সময় একটি মাইক্রোবাসে করে ছয়-সাত জন ডাকাত নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ট্রাকের লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে এবং হাত-পা বেঁধে মাইক্রোবাসে তুলে রাজেন্দ্রপুর এলাকায় ফেলে দেয়। ডাকাত দলের এক সদস্য গরু-মহিষ ভর্তি ট্রাকটি চালিয়ে নিয়ে পালিয়ে যায়। তিনি আরো জানান, খবর পেয়ে গাজীপুর ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ধ্যায় দিয়াবাড়ি এলাকায় আবুল কাশেমের ডেইরি ফার্ম থেকে লুণ্ঠিত ১৫টি গরু ও দুইটি মহিষ উদ্ধার করে। এ সময় আবুল কাশেম ও মনির হোসেনকে গ্রেফতার করে। ছিনতাই হওয়া ১৬টি গরুর মধ্যে একটি অসুস্থ গরু খামারে মৃত অবস্থায় পাওয়া যায়।
