তালায় ভুয়া এনএসআই কর্মকর্তা আটক

আপডেট : ২৫ মে ২০২১, ২১:৩২

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালায় মুজাহিদুল ইসলাম নামের এক ভুয়া এনএসআই কর্মকর্তা আটক হয়েছে। মঙ্গলবার সকালে তালা উপজেলার সুজনশাহা এলাকায় প্রতারণার সময় সাতক্ষীরা এনএসআই তাকে আটক করে। আটককৃত মুজাহিদুল খুলনার ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের আরশাফ আলী মোড়লের ছেলে। তার বিরুদ্ধে চাকরি, বাড়ি নির্মাণ, বিদেশ ও হজে পাঠানোর কথা বলে বিভিন্নভাবে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, এদিন সকালে সুজনশাহা এলাকায় প্রতারণা করে টাকা নেওয়ার সময় এলাকাবাসীর সহযোগিতায় সাতক্ষীরা এনএসআই তাকে আটক করে তালা থানা পুলিশে সোপর্দ করেন। পরে তাকে সাতক্ষীরা ডিবিতে হস্তান্তর করা হয়েছে।