মুশফিকের সেঞ্চুরিতে জয়ের পথে বাংলাদেশ

আপডেট : ২৫ মে ২০২১, ২১:৫০

ওয়ানডে বাংলাদেশের প্রিয় ও সফলতম ফরম্যাট। অর্জনের ঢালি এ ফরম্যাটেই সবচেয়ে বেশি সমৃদ্ধ। ভারত, পাকিস্তানকে হারালেও ওয়ানডেতে কখনোই শ্রীলঙ্কাকে সিরিজ হারাতে পারেনি বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সবুজ জমিনে অবশেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাসই গড়তে যাচ্ছে টাইগাররা।

মুশফিকুর রহিমের সেঞ্চুরির পর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও জয়ের পথে স্বাগতিকরা। গতকাল টস জিতে ব্যাট করা বাংলাদেশের ইনিংস দুই বার বৃষ্টির বাধার মুখে পড়েছিল। আগে ব্যাট করে মুশফিকের সেঞ্চুরির পরও ৪৮.১ ওভারে ২৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে রান তাড়া করতে নামা লঙ্কানদের চেপে ধরেছে তামিম বাহিনী।  এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৪ ওভারে ১১৪ রান তুলতে ৭ উইকেটে হারিয়ে বসেছে শ্রীলঙ্কা। আউট হওয়া লঙ্কান ব্যাটসম্যানদের মধ্যে গুণাথিলাকা ২৪, কুশল পেরেরা ১৪, নিশাঙ্কা ২০, কুশল মেন্ডিস ১৫, ধনাঞ্জয়া ১০, শানাকা ১১ রান করেন।

এর আগে উদানার করা প্রথম ওভারে ১৫ রান তুলে টসজয়ী বাংলাদেশকে উড়ন্ত এনে দেন তামিম। পরের ওভারেই দুশমন্থ চামিরার দুরন্ত বোলিংয়ে চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ১৫ রানে চার বলের মধ্যে তামিম (১৩), সাকিব (০) এলবির ফাঁদে পড়েন। রান খরায় ভোগা লিটন দাস (২৫) সান্দাকানের শিকার হন। মিঠুনের জায়গায় সুযোগ পাওয়া ২মোসাদ্দেকও (১০) উইকেটে স্থায়ী হননি। ৭৪ রানে ৪ উইকেট হারানো টাইগারদের পথ দেখায় মুশফিক-মাহমুদউল্লাহর ৮৭ রানের জুটি। আবারও ত্রাতা হয়ে ধরা দেন তারা। মাহমুদউল্লাহ ৪১ রান করে আউট হলেও একপ্রান্তে অবিচল ছিলেন মুশফিক।

আফিফ (১০), মিরাজও (০) সঙ্গ দিতে পারেননি অভিজ্ঞ এ ব্যাটসম্যানকে। ৭০ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। পরে দুই দফা বৃষ্টির বাধা ঠেলে ৪৫তম ওভারে চামিরাকে চার মেরে ১১৪ বলে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন তিনি। অষ্টম উইকেটে সাইফউদ্দিনের সঙ্গেও ৪৮ রানের জুটি গড়েন, তাতেই দুইশো পার হয় বাংলাদেশের স্কোর।

শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১২৭ বলে ১২৫ রানের (১০ চার) দায়িত্বশীল ইনিংস খেলেন মুশফিক। সাকিবকে টপকে ওয়ানডেতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ডও নিজের করেন নেন তিনি। রানআউট হওয়া সাইফউদ্দিন ১১ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে চামিরা-সান্দাকান ৩টি করে, উদানা ২টি, হাসারাঙ্গা ১টি উইকেট পান।