বেলারুশের ওপর নিষেধাজ্ঞা দিল ইইউ

আপডেট : ২৫ মে ২০২১, ২২:৩৫

বেলারুশের মিনস্কে রবিবার উড়োজাহাজ ঘুরিয়ে নিয়ে এক সাংবাদিককে গ্রেফতারের পর ইউরোপের আকাশে দেশটির উড়োজাহাজ পরিচালনাকারী সংস্থাগুলোকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ব্রাসেলসে অনুষ্ঠিত বৈঠকে ২৭টি সদস্য রাষ্ট্রের নেতারা ইউরোপীয় ইউনিয়নের উড়োজাহাজ পরিচালনাকারী সংস্থাগুলোকে বেলারুশের আকাশে না উড়ানোর কথা বলেছেন এবং বেলারুশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞারও প্রতিশ্রুতি দিয়েছেন।

গ্রেফতারকৃত সাংবাদিক রোমান প্রোতাসেভিচ গ্রিস থেকে লিথুয়ানিয়াগামী একটি ফ্লাইটে ছিলেন। যেটি বোমা বিস্ফোরণে হুমকিতে থাকার কথা বলে মিনস্কে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়। পশ্চিমা দেশগুলো বেলারুশের বিরুদ্ধে রায়না এয়ারের ফ্লাইটটি ‘হাইজ্যাক’ করার অভিযোগ এনেছে। একটি ভিডিওতে ঐ সাংবাদিক জানান, তিনি সুস্থ আছেন এবং বেলারুশ তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তিনি তা স্বীকার করেছেন। তবে দেশটির প্রধান বিরোধীদলীয় নেতাসহ অন্য নেতাকর্মীরা ভিডিওটির সমালোচনা করে বলেছেন, রোমানকে অন্যায় স্বীকার করার জন্য চাপের মধ্যে রাখা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বেলারুশিয়ান কর্তৃপক্ষের এই উদ্যোগকে ‘ভয়ংকর’ বলে বর্ণনা করে বলেছেন, ‘তারা রাজনৈতিক মতবিরোধ এবং গণমাধ্যমের স্বাধীনতা উভয়েরই ওপর লজ্জাজনকভাবে আক্রমণ করেছে।’ —বিবিসি