ভারতে এবার ইয়েলো ফাঙ্গাস শনাক্ত

আপডেট : ২৫ মে ২০২১, ২২:৩৫

ভারতে ব্ল্যাক ও হোয়াইটের পর এবার ইয়েলো ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হওয়ার খবর বেরিয়েছে। এদিকে আক্রমণের ওপর ভিত্তি করে ফাঙ্গাসের সংক্রমণকে নানা রঙে চিহ্নিত করার মধ্য দিয়ে সৃষ্ট বিভ্রান্তির ব্যাপারে সতর্ক করেছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এমস) প্রধান রণদীপ গুলেরিয়া। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদ এলাকায় ৪৫ বছর বয়সী এক ব্যক্তির শরীরে ইয়েলো ফাঙ্গাসের সংক্রমণের লক্ষণ দেখা গেছে বলে এক বিশেষজ্ঞ চিকিত্সকের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএনআই। একই রোগীর ব্ল্যাক ও হোয়াইট ফাঙ্গাসের লক্ষণ ছিল বলে খবরে জানানো হয়। তবে গাজিয়াবাদের প্রধান চিকিত্সা কর্মকর্তা এন কে গুপ্ত বলেছেন, ইয়েলো ফাঙ্গাসে কারও সংক্রমিত হওয়ার কোনো তথ্য তিনি এখন পর্যন্ত পাননি। ইএনটি বিশেষজ্ঞ বিপি ত্যাগীর ভাষ্যমতে, ইয়েলো ফাঙ্গাসের সংক্রমণ প্রাণঘাতী। প্রাথমিকভাবে সংক্রমণ শনাক্ত করা গেলে তা চিকিত্সার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারে। ইয়েলো ফাঙ্গাসের লক্ষণগুলো হলো ক্লান্তিবোধ, ক্ষুধা না থাকা, ওজন হ্রাস। সংক্রমণ মারাত্মক হলে সে ক্ষেত্রে ক্ষতস্থান থেকে পুঁজ বের হওয়া, ক্ষত দীর্ঘস্থায়ী হওয়া, অপুষ্টি, অঙ্গপ্রত্যঙ্গ বিকল, চোখ বুজে আসা প্রভৃতি।