মাদারীপুরের শিবচরে ইসমাইল হোসেন ইমন নামে এক যুবককে ত্রিভুজ প্রেমের কারণে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার দায়ে কথিত প্রেমিকা লাবনী আক্তারসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও হত্যাকাণ্ডে ব্যবহূত ছুরি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত লাবনী উপজেলার উত্তর চরতাজপুর গ্রামের আলমগীর চৌধুরীর মেয়ে এবং মেহেদী ফরাজী একই উপজেলার খারাকান্দি দত্তপাড়া গ্রামের মনসুর ফরাজীর ছেলে। নিহত ইসমাইল হোসেন ইমন কাজী উপজেলার নিলখী ইউনিয়নের দক্ষিণ চরকামার কান্দি গ্রামের সেকান কাজীর ছেলে।
মঙ্গলবার মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এক প্রেস ব্রিফিংয়ে জানান, গত ১৫ মে উপজেলার খাসচর বাঁচামারা গ্রামের আড়িয়াল খাঁ নদের পাড় থেকে ইসমাইল হোসেন ইমনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত ইমনের ভাই কাজী রেজাউল বাদী হয়ে থানায় মামলা করলে শিবচর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা মামলার তদন্ত শুরু করে। তদন্তে ত্রিভুজ প্রেমের সম্পর্কের কারণে ইমনকে হত্যা করা হয় বলে আসামি লাবনী ও মেহেদী স্বীকারোক্তি দিয়েছে। ইমন ঈদের দিন দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিল বলে পরিবারের সদস্যরা জানান।
