বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘ইসরাইল ব্যতীত’ শব্দটি বাদ দেওয়ার বিষয়ে হতাশা প্রকাশ করে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান যে মন্তব্য করেছেন তাতে ক্ষোভ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তের বিষয়ে কোনো দেশের রাষ্ট্রদূতের বক্তব্য অপ্রাসঙ্গিক। গতকাল মঙ্গলবার ঢাকায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সিদ্ধান্তের বিষয়ে কে কী বলল, তা আমার কাছে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। আমরা আমাদের পররাষ্ট্রনীতি অনুযায়ী চলি। আমরা একটি সার্বভৌম দেশ। আমরা যা করব তা আমাদের সিদ্ধান্তেই করব।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশ চীন থেকে দেড় কোটি ডোজ সিনোফার্মের টিকা কিনবে এবং এর প্রথম চালান আগামী জুনে ঢাকায় আসতে পারে। গতকাল একই অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন থেকে ভ্যাকসিন কেনার বিষয়ে আলোচনা ইতিবাচক অবস্থায় আছে। চুক্তি প্রায় চূড়ান্ত। শিগিগরই চুক্তি সম্পন্ন হবে। বাংলাদেশ চীন থেকে জুন, জুলাই ও আগস্ট এই তিন মাসে ৫০ লাখ করে মোট দেড় কোটি টিকা কিনতে চেয়েছে। এ বিষয়ে তিনটি নথির কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা বিশ্বাস করি এর মাধ্যমে বিনা বাধায় আমরা টিকা আনতে পারব।
রাশিয়ার ভ্যাকসিন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গেও আলোচনা চূড়ান্ত পর্যায়ে আছে। কখন টিকা আসবে, টিকার পরিমাণ, বিমা, টিকা কার্যকর না হলে কী হবে এসব আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় দেখছে। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমরা কোভ্যাক্স থেকেও টিকা পাব। সুতরাং, আমরা মনে করি আগামী দিনে আমাদের টিকা নিয়ে কোনো সমস্যা হবে না।
