বাজেট অধিবেশন চলতে পারে ১২ কার্যদিবস

আপডেট : ২৬ মে ২০২১, ০০:২০

করোনার মহামারির মধ্যে জাতীয় সংসদের আরো একটি বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী ২ জুন বিকাল ৫টায়। পরদিন ৩ জুন বৃহস্পতিবার বিকাল ৩টায় ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাব সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, করোনার কারণে গতবারের মতো এবারের বাজেট অধিবেশনও সংক্ষিপ্ত হবে, চলতে পারে ১২ কার্যদিবস। করোনার প্রথম ঢেউয়ের মধ্যে গত বছর বাজেট অধিবেশন শেষ হয় মাত্র নয় কার্যদিবসের মধ্য দিয়ে, যা ছিল ইতিহাসের সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন।

করোনার চলমান সংক্রমণ পরিস্থিতিতে এবারও স্বাস্থ্যবিধি মেনেই অধিবেশন চালানো হবে। অধিবেশনে যোগ দেওয়ার আগে সংসদ সদস্যদের বাধ্যতামূলকভাবে করোনার পরীক্ষা করাতে হবে। পরীক্ষার জন্য সংসদ ভবনেই তারা নমুনা দিতে পারবেন। অধিবেশনে যোগ দেওয়ার আগে করোনার নেগেটিভ সনদ দেখিয়ে সংসদ ভবনে প্রবেশ করতে হবে সংসদ সদস্যদের। সংক্রমণের কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে সংসদে সদস্যদের একজনের আসনের মাঝে আরেক জনের দূরত্ব বজায় রাখার স্বার্থে করোনার মধ্যে অনুষ্ঠিত আগের অধিবেশনগুলোর মতো এবারও পালা করে অংশ নেবেন এমপিরা। আর বয়স্ক ও অসুস্থ এমপিদের এবারও অধিবেশনে যোগ দেওয়ার ক্ষেত্রে নিরুত্সাহিত করা হচ্ছে।

জানা গেছে, মহামারিকালের অন্য অধিবেশনগুলোর মতো এবারও অধিবেশনে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদেরও উপস্থিতি সীমিত হবে। সুচারুভাবে অধিবেশন পরিচালনার জন্য প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করা হবে। এমপিদের মতো কর্মকর্তা-কর্মচারীদেরও করোনার পরীক্ষা করাতে হবে। যাদের ফল নেগেটিভ আসবে কেবল তারাই অধিবেশন চলাকালে দায়িত্ব পালন করতে পারবেন।

করোনার মধ্যে অনুষ্ঠিত গত কয়েকটি অধিবেশনে প্রবেশাধিকার ছিল না গণমাধ্যমকর্মীদের। সংসদ টেলিভিশন দেখে সাংবাদিকদের অধিবেশনের সংবাদ সংগ্রহ করতে হয়েছে। গতবার বাজেট পেশের দিন বাজেটের কাগজপত্র নিতে সংসদ এলাকায় ঢুকতে পেরেছিলেন সাংবাদিকরা। মিডিয়া সেন্টার থেকে বাজেটের কাগজপত্র সংগ্রহ করেছিলেন তারা। করোনার সংক্রমণ থাকায় এবারও আসন্ন বাজেট অধিবেশন সশরীরে কাভারেজের সুযোগ পাচ্ছেন না সাংবাদিকরা। সংসদ টেলিভিশন দেখে অধিবেশনের সংবাদ সংগ্রহ করতে সোমবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের অনুরোধ করা হয়েছে। আর বাজেট উপস্থাপনের দিন সংসদ ভবনে সুভিনির কক্ষ (টানেলের অভ্যন্তরে পূর্ব পাশে) থেকে সাংবাদিকদের মধ্যে বাজেট ডকুমেন্টস বিতরণ করা হবে।

আসন্ন ২০২১-২২ অর্থবছরের বাজেট হবে অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের তৃতীয় বাজেট এবং আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের ত্রয়োদশ বাজেট। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী ২, ৩, ৬, ৭, ১৪, ১৫, ১৬, ১৭, ২৮, ২৯ ও ৩০ জুন এবং ১ জুলাই বসতে পারে বাজেট অধিবেশনের বৈঠক। ৬ জুন রবিবার কমিটির বিল-সম্পর্কিত রিপোর্ট উত্থাপন (যদি থাকে), চারটি বিল উত্থাপন এবং সম্পূরক বাজেটের ওপর আলোচনা হবে। ৭ জুন সোমবার সম্পূরক বাজেটের ওপর আলোচনা ও পাশ এবং নির্দিষ্টকরণ সম্পূরক বিল পাশ হবে। এরপর ১৪, ১৫, ১৬, ১৭ ও ২৮ জুন নতুন বছরের বাজেটের ওপর আলোচনা হবে। ২৯ জুন মূল বাজেটের সমাপনী আলোচনা এবং অর্থবিল পাশ হবে। আর ৩০ জুন বুধবার মূল বাজেট ও নির্দিষ্টকরণ বিল পাশ হবে। এছাড়া ১ জুলাই বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্ব, বেসরকারি বিল উত্থাপন, সরকারি বিল পাশ এবং অধিবেশন সমাপ্তি হতে পারে।