স্বামীর চক্রান্তে নববধূকে ধর্ষণ করলো ভগ্নিপতি

আপডেট : ২৬ মে ২০২১, ১৯:৪৩

নাগেশ্বরীতে স্বামীর চক্রান্তে এক নববধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ স্বামীকে আটক করলেও পালিয়ে গেছে অপর অভিযুক্ত তার ভগ্নিপতি। ঘটনাটি ঘটেছে উপজেলার কেদার ইউনিয়নের সরকারটারী গ্রামে। 

নববধূর স্বজন এবং পুলিশ জানায়, গত ২৩ মে কেদার ইউনিয়নের শিপেরহাট গ্রামের লাল দেওয়ানীর (জাদক) এর ছেলে আব্দুল হাকিমের সাথে ওই মেয়ের বিয়ে হয়। পরদিন সন্ধ্যায় স্বামী হাকিমের ভগ্নিপতি একই ইউনিয়নের চাটামছড়ার পাড় শোভারকুটি গ্রামের জালাল মিয়ার ছেলে বাবু মিয়াসহ ওই নববধূ তার বাবার বাড়ি সরকারটারী গ্রামে যান। ২৫ মে মঙ্গলবার সকাল ১১টার দিকে ওই নববধূ, তার স্বামী ও স্বামীর ভগ্নিপতিসহ পাশের চাচার বাড়িতে বেড়াতে যায়।

এসময় চাচার বাড়ি ফাঁকা পেয়ে স্বামী হাকিমের সহযোগিতায় তাকে ধর্ষণ করে ভগ্নিপতি বাবু মিয়া। পরে ঘটনাটি প্রকাশ পেলে নববধূর বড় ভাই সেকেন্দার আলী বুধবার সকালে কচাকাটা থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের প্রেক্ষিতে নববধূকে উদ্ধার এবং অভিযুক্ত স্বামী আব্দুল হাকিমকে আটক করে পুলিশ। এদিকে ঘটনার পরপরই গা-ঢাকা দিয়েছে অপর অভিযুক্ত বাবু মিয়া।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিকটিম পুলিশের হেফাজতে আছে। স্বামী আব্দুল হাকিমকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

ইত্তেফাক/এসজেড