এই সময়ের ছড়া

চাওয়া

আপডেট : ২৬ মে ২০২১, ২০:১১

রেজাউদ্দিন স্টালিন

 

খই দিয়ো মুড়ি দিয়ো

পার্বণে ঘুড়ি দিয়ো

খেলবার মাঠ দিয়ো

ছুটিবারে হাট দিয়ো।

 

জারি সারি গান দিয়ো

বাঁটা ভরা পান দিয়ো,

ফুল দিয়ো ফল দিয়ো

তৃষ্ণায় জল দিয়ো।

 

পথ দিয়ো ঘাট দিয়ো

সোনা আঁশ পাট দিয়ো,

ইলিশ আনাম দিয়ো

মান-সম্মান দিয়ো।

 

গোলা ভরা ধান দিয়ো

ভালো অভিধান দিয়ো,

কলমের কালি দিয়ো

ভালো কাজে তালি দিয়ো।

 

খাল দিয়ো বিল দিয়ো

নীলাকাশে চিল দিয়ো,

ঘর দিয়ো দোর দিয়ো

পাখিডাকাভোর দিয়ো।