ডিএনডির ফতুল্লায় জলাবদ্ধতা দুর্ভোগে এলাকাবাসী

আপডেট : ২৬ মে ২০২১, ২০:১২

 

  স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

বৃষ্টির কারণে ডিএনডির ফতুল্লা অংশে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার মানুষ। মিল-কারখানার কেমিক্যালযুক্ত বিষাক্ত পানি, স্যুয়ারেজের পানি বৃষ্টির পানির সঙ্গে মিশে একাকার হয়ে আছে। দুর্গন্ধযুক্ত বিষাক্ত এই পানি মাড়িয়ে লোকজনকে নিরুপায় চয়ে চলাচল করতে হচ্ছে। অনেকে পানিবন্দি হয়ে পড়েছেন। বর্ষা মৌসুম এলেই এমন দুর্ভোগের কবলে পড়ে ঐ এলাকার মানুষ।

গতকাল বিকালে সরেজমিনে ফতুল্লার কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, অলি-গলির বাড়ির উঠান, ঘরের আঙিনা ও মেঝে জলমগ্ন। অনেক এলাকার রাস্তা ডুবে গেছে। বৃহত্তম সস্তাপুর, ইসদাইর, কোতালের বাগ, বুড়ির দোকান, কায়েমপুর, লামারবাগ, লালখাঁ, লালপুর এলাকাটি নিচু হওয়ায় বৃষ্টির পানি ও খালের নর্দমার পানি একাকার হয়ে আছে। নোংরা পানি মাড়িয়ে চলাচল করায় চর্মরোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী। খালের পানি যথা সময়ে নিষ্কাশন না হওয়ার কারণে বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ইসদাইর এলাকার স্থানীয় বাসিন্দা মিজান বলেন, বৃষ্টির পানি একাকার হয়ে রাস্তা চলাচল ব্যাঘাত ঘটছে। লাগাতার বৃষ্টি হলে বাড়িতে থাকাই অসম্ভব হয়ে পড়বে। এ সময় তিনি বলেন, ‘একদিকে পানির জলাবদ্ধতা অন্যদিকে রাস্তার খানা-খন্দকের কারণে মানুষের দুর্ভোগের সীমা ছাড়িয়ে যাচ্ছে।’