বিনোদন ডেস্ক
‘টাইগার’ সিনেমার প্রথম ও দ্বিতীয় কিস্তির সাফল্যের ধারাবাহিকতায় এরইমধ্যে ‘টাইগার থ্রি’ সিনেমার কাজ শুরু হয়েছে। প্রথম লটের শুটিংয়ের পর করোনার কারণে আপাতত শুটিং বন্ধ রয়েছে। তবে আগামী মাসে আবারো শুটিং ফ্লোরে গড়াছে সিনেমাটি। নতুন এই সিক্যুয়েলে যে বেশকিছু চমক থাকছে তা এর ভেতরে প্রকাশ পেতে শুরু করেছে। বড় পরিসরের এই সিনেমাটিতে সালমান খান, ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করবেন ইমরান হাশমি। ইমরান হাশমিকে তার চিরচেনা রূপের বাইরে পাকিস্তানি এজেন্টের ভূমিকা দেখা যাবে এই সিনেমাতে। যা প্রকাশে আসতেই ভক্তদের মনে সিনেমাটি নিয়ে বাড়তি আকর্ষণ তৈরি করেছে। সালমান খানকে ‘র’ এজেন্টের চরিত্রে দেখা মিলবে। তবে প্রধান দুই পুরুষ চরিত্রের ভূমিকা প্রকাশ্যে এলেও ক্যাটরিনার চরিত্রের বিষয়ে এখানো ধোঁয়াসা রয়ে গেছে। আর এ নিয়ে এরইমধ্যে নেটদুনিয়ায় বেশ জল্পনা তৈরি হয়েছে। এ প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘টাইগার নিয়ে বরাবরই দর্শকদের বাড়তি উম্মাদনা কাজ করে। আমি জানি আপনারা সিনেমাটির ছোট একটি খবরের জন্য মুখিয়ে থাকেন। আগের সিক্যুয়েলগুলোর চেয়ে এবারের সিনেমায় দারুণ কিছু চমক থাকছে। যা ধীরে ধীরে প্রকাশ করা হচ্ছে। আমার চরিত্রটিও আমার ভক্তদের জন্য দারুণ এক চমক হতে যাচ্ছে এটা বলার অবকাশ রাখে না। অপেক্ষা করুন, নিরাশ করবো না।’
