ভারতে দৈনিক শনাক্ত ফের ২ লাখ ছাড়াল

আপডেট : ২৬ মে ২০২১, ২০:২২

করোনা ভাইরাস মহামারি

করোনা ভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে দিক হারানো ভারতে এক দিন পরই দৈনিক শনাক্ত ফের ২ লাখের উপরে উঠে এসেছে, মৃত্যু হয়েছে ৪ হাজারের বেশি রোগীর। রয়টার্স

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, বুধবার সকালের আগের ২৪ ঘণ্টায় সেখানে ২ লাখ ৮ হাজার ৯২১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে আর একই সময় ৪ হাজার ১৫৭ জন রোগীর মৃত্যু হয়েছে। এক দিন আগে মঙ্গলবার দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ১৪ এপ্রিলের পর প্রথমবারের মতো ২ লাখের নিচে নেমেছিল। এপ্রিলের প্রথম সপ্তাহে ভারতে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে অধিকাংশ দিনই ২ লাখ, ৩ লাখ আর কখনো কখনো ৪ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। অতি সম্প্রতি দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা কমে এসেছে। শনাক্ত নতুন রোগীদের নিয়ে ভারতে সরকারি হিসাবে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭১ লাখ ৫৭ হাজার ৭৯৫ জনে দাঁড়িয়েছে। শনাক্ত রোগীর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় স্থানে আছে দেশটি। মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে থাকা ভারতে চলতি মহামারিতে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১১ হাজার ৪২১ জনে।

 কোভিড-১৯ সংক্রমণ ভারতের প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ায় অনেক আক্রান্তই পরীক্ষার আওতার বাইরে রয়ে যাচ্ছেন বলে ধারণা পর্যবেক্ষদের। আর বিশেষজ্ঞদের ধারণা, দেশটিতে আক্রান্ত প্রকৃত রোগীর সংখ্যা ও মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের পাঁচ থেকে ১০ গুণ বেশি।