স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর নগরীতে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহূত দুটি বড় এক্সকাভেটর ও একটি ট্রলি জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেন। রংপুর সিটি করপোরেশনের যান্ত্রিক সহায়তায় সেই মেশিনগুলো রংপুর সিটি করপোরেশনে নিয়ে আসা হয়। বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে উপস্থিত পাওয়া যায়নি বলে গতকাল রাতে এক প্রেস বার্তায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে। প্রেস বার্তায় আরো জানানো হয়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম ও মো. ফিরোজুল ইসলামের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়। জব্দকৃত সরঞ্জামাদির বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
