আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় মহাসড়কের পাশ থেকে হাত-পা ও মুখ বাঁধা অচেতন অবস্থায় মঙ্গলবার উদ্ধার হওয়া যুবকের পরিচয় মিলেছে। উদ্ধার যুবক উজিরপুর উপজেলার পূর্ব ধামুরা গ্রামের মতিয়ার হাওলাদারের ছেলে মামুন হাওলাদার (২৪)। মামুন একজন ইজিবাইক চালক। হাসপাতালে ভর্তি মামুনের বরাত দিয়ে উদ্ধারকারী এসআই মনিরুজ্জামান বুধবার দুপুরে জানান, সোমবার রাতে মাহিলারা ইউনিয়ন পরিষদের সামনে থেকে মামুনকে এক ব্যক্তি তার মাইক্রোবাস নষ্ট হয়েছে জানিয়ে তাকে গাড়ির কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করে। মামুন তাকে নিয়ে গৌরনদী পৌঁছলে আগে থেকে সেখানে থাকা দুর্বৃত্তরা তাকে জোর করে মাইক্রোবাসে তোলে এবং অন্যরা ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। মাইক্রোবাসে বসে মামুনের হাত-পা বেঁধে স্প্রাইটের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায়। মঙ্গলবার এসআই মনিরুজ্জামান স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের পূর্ব পয়সা এলাকার একটি বালুর মাঠ থেকে হাত-পা ও মুখ বাঁধা অচেতন অবস্থায় ঐ যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
