লামা (বান্দরবান) সংবাদদাতা
লামায় গৃহবধূ ও তার দুই মেয়েকে খুনের ঘটনায় উত্তম বড়ুয়া নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে লামার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চাম্পাতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঐ এলাকার প্রমদ বড়ুয়ার ছেলে। লামা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে। উল্লেখ্য, গত ২০ মে রাত ৩টার দিকে চাম্পাতলী গ্রামের তালাবদ্ধ বাসা থেকে প্রবাসী নুর মোহাম্মদের দুই মেয়ে নুর-এ জান্নাত রীদা প্রকাশ নুরী (১০ মাস), সুমাইয়া ইয়াছমিন প্রকাশ রাফি (১৬) এবং স্ত্রী মাজেদা বেগমের (৩৭) রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত মাজেদা বেগমের মা লালমতি বেগম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে পরদিন ২১ মে লামা থানায় মামলা করেন।
