রাজশাহীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু নভোথিয়েটার পরিদর্শন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

আপডেট : ২৬ মে ২০২১, ২১:০৩

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার পরিদর্শন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। গতকাল বুধবার শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ভেতরে নির্মাণাধীন নভোথিয়েটার পরিদর্শনের সময় প্রকল্পের অগ্রগতিসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন মন্ত্রী। এ সময় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও প্রকল্পের উপ-পরিচালক শফিকুল ইসলাম সরকার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২২২ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রাজশাহী স্থাপনে’ প্রকল্প নিয়েছিল রাসিক। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এই প্রকল্পটি বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর। নভোথিয়েটারে আধুনিক প্রযুক্তির ডিজিটাল প্রজেক্টর সিস্টেমযুক্ত প্ল্যানেটরিয়াম, সায়েন্টিফিক অ্যান্ড ডিজিটাল এক্সিবিটস, ফাইভ-ডি সিমিউলেটর থিয়েটার, টেলিস্কোপ, কম্পিউটারাইজড টিকেটিং অ্যান্ড ডেকোরেটিং সিস্টেমসহ নানা সুবিধা থাকবে।

ইনমাসের নতুন ভবন ও যন্ত্রপাতির উদ্বোধন

এদিকে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) রাজশাহীর নবনির্মিত ভবন ও অত্যাধুনিক যন্ত্রপাতির উদ্বোধন করেছেন মন্ত্রী ইয়াফেস ওসমান। গতকাল ফিতা কেটে রাজশাহী মেডিক্যাল কলেজ (ইনমাস) রাজশাহীর নবনির্মিত ভবন ও অত্যাধুনিক যন্ত্রপাতির উদ্বোধন করেন তিনি। এতে উপস্থিত ছিলেন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ সময় ইনমাস রাজশাহীর পরিচালক অধ্যাপক ডা. মোস্তফা শামীম আহসান, প্রকল্প পরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, দিনাজপুর ও রংপুরের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রকল্পের আওতায় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ইনমাস রাজশাহীর নবনির্মিত ভবন ও অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে।