চট্টগ্রাম অফিস
চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের সর্বমহলের প্রিয়মুখ সুব্রত বড়ুয়া রনি আর নেই। তিনি একাধারে ছিলেন জনপ্রিয় ব্যান্ডদল সোলসের প্রতিষ্ঠাতা, চারুশিল্পী সংগঠনগুলোর অন্যতম সংগঠক এবং নাট্যাঙ্গনের একজন সক্রিয় কর্মী।
দূরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিত্সাধীন থাকার পর গতকাল বুধবার ভোর ৫টায় ঢাকার ডেল্টা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মাত্র ৬৬ বছরে প্রয়াত সুব্রত বড়ুয়া রনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। রনির মরদেহ দুপুরে চট্টগ্রামের নাসিরাবাদে তার বাসার সামনে আনা হয়। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য শিল্পকলা একাডেমিতে রাখা হয়। এরপর তার মরদেহ চারুকলা ইনস্টিটিউট, নন্দনকানন বৌদ্ধমন্দির হয়ে বিকালে চান্দগাঁও মহাশ্মশানে শেষকৃত্য অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, সুব্রত বড়ুয়া রনি একাধারে সংগীত ও যন্ত্রশিল্পী, চারুশিল্পী, নাট্যকর্মীও ছিলেন। সৈকতচারী কয়্যার গ্রুপ, অরিন্দম নাট্যগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। আশির দশকে কয়েক জন মিলে প্রতিষ্ঠা করেন ব্যান্ডদল সোলস। সেখানে রনি ড্রাম বাজাতেন। সোলস ব্যান্ডের গানে ভিন্নধারার সূচনা করেছিল এবং তুমুল জনপ্রিয়তা পায়। চারুশিল্পী হিসেবে ডিজাইনার্স ফোরাম নামে একটি সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন রনি।
