হবিগঞ্জ প্রতিনিধি
পানি নিষ্কাশনের ড্রেন নিয়ে সৃষ্ট বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক বৃদ্ধা খুন হয়েছেন। বুধবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে বানিয়াচঙ্গ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। পুলিশ সূত্রে প্রকাশ, ঐ গ্রামের মোহাম্মদ আলীর সঙ্গে চাচাতো ভাই আবদুল কাদিরের বাড়ির সীমানায় ড্রেন নিয়ে বিরোধ ছিল। ঘটনার দিন সকালে এ নিয়ে বাড়ির উঠোনে সালিশ বৈঠক বসে। বৈঠকে তাদের উভয়ের পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ বাধলে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন মোহাম্মদ আলীর মা গোলাপ চান বিবি (৬০)।
