দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের ঐতিহ্য :কাদের

আপডেট : ২৬ মে ২০২১, ২১:৩৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্যোগ-দুর্বিপাকে সবার আগে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের সংস্কৃতি ও ঐতিহ্য। গতকাল বুধবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলন থেকে তিনি এ কথা বলেন।

উপকূলীয় এলাকায় মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বিবৃতির জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তার বিবৃতির আগেই সরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে রেখেছে। লিপ সার্ভিস নয়, দুর্যোগ-দুর্বিপাকে সবার আগে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের সংস্কৃতি ও ঐতিহ্য।’

করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘দেশে করোনার সংক্রমণ ও মৃত্যুর হারে ঊর্ধ্বগতি লক্ষ করা যাচ্ছে। এর মধ্যে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ নতুন আতঙ্ক ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখনো স্বাস্থ্যবিধি ও মাস্ক পরার ক্ষেত্রে উদাসীনতা লক্ষ করা যাচ্ছে। এই মুহূর্তে সবাইকে সচেতন হওয়াটা জরুরি।’

ওবায়দুল কাদের বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।