স্বাস্থ্য সুরক্ষায় বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখতে হবে : জি এম কাদের

আপডেট : ২৬ মে ২০২১, ২১:৪২

করোনা ভাইরাসের মহামারির মধ্যে আসন্ন নতুন অর্থবছরে বাজেটে স্বাস্থ্য সুরক্ষায় পর্যাপ্ত বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। গতকাল বুধবার এক বিবৃতিতে এই দাবি জানিয়ে তিনি বলেছেন, দেশের মানুষ স্বাস্থ্য সুরক্ষার বাজেট চায়।

জি এম কাদের বলেন, করোনাকালে প্রমাণ হয়েছে—দেশের স্বাস্থ্যসেবা কতটা নাজুক। তাই উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সব পরীক্ষানিরীক্ষা থাকতে হবে। জেলা পর্যায়ের সরকারি হাসপাতালে আইসিইউসহ উন্নত চিকিত্সা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয়সংখ্যক ডাক্তার, নার্স, টেকনিশিয়ান নিয়োগ দিতে হবে। জীবন রক্ষাকারী ওষুধ বিনামূল্যে দিতে হবে রোগীদের। তিনি বলেন, দেশে উন্নত চিকিত্সা নিশ্চিত হলে কেউ চিকিত্সার জন্য বিদেশে যাবে না। আমরা চাই, বিনা চিকিত্সায় একজন রোগীরও যেন মৃত্যু না হয়। চিকিত্সাসহ মানুষের সব অধিকার নিশ্চিত করতেই আমাদের রাজনীতি।