সুইজারল্যান্ডের জেনেভায় আগামী মাসে মুখোমুখি বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর পুতিনের সঙ্গে এটিই বাইডেনের প্রথম বৈঠক হবে। বিবিসির খবরে বলা হয়েছে, মঙ্গলবার বৈঠকের বিষয়টি ওয়াশিংটন ও ক্রেমলিন থেকে নিশ্চিত করা হয়েছে।
হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বলেন, জেনেভায় আগামী ১৬ জুন বাইডেন ও পুতিনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। দুই নেতার বৈঠকে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। দুই দেশের সম্পর্কে বর্তমানে এক ধরনের উত্তেজনা রয়েছে। জেনেভায় বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায় উন্মোচিত হতে পারে।
এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, পুতিন ও বাইডেন কৌশলগত স্থিতিশীলতার ইস্যুগুলো নিয়ে আলোচনা করবেন। তারা আঞ্চলিক দ্বন্দ্বের সমাধানে জোর দেবেন। করোনা মহামারি নিয়েও আলোচনা করবেন দুই নেতা। বাইডেন ও পুতিনের আসন্ন বৈঠকের ক্ষেত্র প্রস্তুত করতে সম্প্রতি আইসল্যান্ডে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন। সেই বৈঠকে উভয়পক্ষ সম্পর্কোন্নয়নে একসঙ্গে কাজ করতে সম্মত হয়।
