ভারত সরকারের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপের মামলা

আপডেট : ২৭ মে ২০২১, ০০:০৯

ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফরমগুলোকে সরকার যে নতুন শর্তাবলী মানার নির্দেশ দিয়েছে, তার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেছে হোয়াটসঅ্যাপ। মামলায় হোয়াটসঅ্যাপ বলেছে, ভারতীয় সংবিধানে নাগরিকদের যে প্রাইভেসি বা গোপনীয়তা রক্ষার অধিকার দেওয়া হয়েছে সরকারের নির্দেশ তার পরিপন্থি। তবে ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় যুক্তি দিচ্ছে যে, সোশ্যাল মিডিয়াতে ‘ফেক নিউজ’ কারা ছড়াচ্ছে বা কোন উত্স থেকে তা সৃষ্টি হচ্ছে সেটা জানার পূর্ণ অধিকার তাদের আছে। বিশেষজ্ঞরাও মনে করছেন, এই বিতর্কে দুই পক্ষের কথাতেই কিছু যুক্তি আছে এবং সম্ভবত মাঝামাঝি একটা জায়গাতেই তাদের সমাধানে পৌঁছতে হবে।

বিবিসির খবরে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার বা গুগলের পেরেন্ট সংস্থা অ্যালফাবেটের মতো টেক জায়ান্টগুলোকে বুধবার থেকে যে কিছু নতুন বিধিনিষেধ মেনেই চলতে হবে তা ভারত সরকার প্রায় তিন মাস আগেই জানিয়ে দিয়েছিল। ভারতের আইনমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত রবিশঙ্কর প্রসাদ পার্লামেন্টেই ঘোষণা করেছিলেন, ভারতের আইনকে পাশ কাটিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমগুলো এদেশে ব্যবসা করতে পারবে না।