বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি বলেছেন, কোভিড-১৯-এর কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রাজস্ব আয় বৃদ্ধিতে উদ্ভাবনী, বহুমাত্রিক ও গতিশীল কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। কোর বিজনেসের পাশাপাশি নন-কোর বিজনেসের দিকে মনোযোগ দিতে হবে। বিমানের সব সম্পদের সর্বোচ্চ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। বিমানের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতাকে সর্বোচ্চ ব্যবহার করতে হবে।
গতকাল বুধবার সাভারের গণকবাড়ীতে অবস্থিত বিমান পোলট্রি কমপ্লেক্স পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি বিমান পোলট্রি কমপ্লেক্সের বিভিন্ন শাখা ঘুরে দেখেন ও পোলট্রি কমপ্লেক্সের উত্পাদন বৃদ্ধি ও উত্পাদিত পণ্যের বাজারজাতকরণ উন্নয়নকল্পে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
