রাজধানীর সায়েদাবাদ এলাকায় বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার সনদ দেওয়ার কথা বলে প্রতারণা করার অভিযোগে দুই জনকে র্যাব গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন—মোহাম্মদ জসীমউদ্দীন (২৩) ও মোহাম্মদ তারেক (২৫)। মঙ্গলবার গভীর রাতে র্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে ভুয়া সনদ দিয়ে হাতিয়ে নেওয়া ২৪ হাজার টাকা উদ্ধার করেছে র্যাব।
র্যাব জানায়, হাসপাতালে ঘুরে ঘুরে অথবা লাইনের পাশে দাঁড়িয়ে বিদেশগামী যাত্রীদের নাম এবং মোবাইল নম্বর সংগ্রহ করে এই চক্রটি। পরে প্রতারক চক্র বিদেশগামী যাত্রীদের ফোন করে সংশ্লিষ্ট হাসপাতালের ভুয়া ডাক্তার পরিচয় দিয়ে তাদের টেস্টের ফলাফল নেগেটিভ হওয়া সত্ত্বেও করোনা পজিটিভ হয়েছে বলে মিথ্যা তথ্য জানাত।
করোনা পজিটিভ হওয়ায় বিদেশ যেতে পারবে না বলে হুমকি প্রদান করত। তার পর তারা ঐসব সাধারণ যাত্রীদের জিম্মি করে রিপোর্ট নেগেটিভ করার আশ্বাস দিয়ে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিত।
ইত্তেফাক/এএইচপি

