ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডব ও সহিংসতার দুই মাসের মধ্যেই ১৩ জন এসআইকে বদলি করা হয়েছে। পুলিশের চট্টগ্রাম রেঞ্জ উপ-মহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় থেকে দেওয়া এই বদলির আদেশে বলা হয়েছে, জনস্বার্থে ১০ জন এসআইকে ও তিন জনকে প্রশাসনিক কারণে বদলি করা হয়েছে।
আগামী ২৯ মের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য তাদের ছাড়পত্র নিতে বলা হয়েছে। অন্যথায় ৩০ মে থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
বদলির আদেশটি মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে এসে পৌঁছে। এই প্রথম একযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশে কর্মরত ১৩ জন উপ-পরিদর্শককে (এসআই) একযোগে বদলি করা হলো। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন ১৩ এসআইয়ের বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
বদলিকৃত এসআইদের মধ্যে বিউটি রানী দাস, বজলুর রহমান খান, মো. হুমায়ূন কবির, মো. আমির হামজা ও এস এম আতিকুজ্জামান এবং মো. তোফাজ্জল হোসেনকে রাঙ্গামাটি পার্বত্য জেলায়, তপু সাহা ও মোহাম্মদ জয়নাল আবেদীনকে বান্দরবান পার্বত্য জেলায় এবং মো. মতিউর রহমান ও মো. শাহ সাব খানকে খাগড়াছড়ি পার্বত্য জেলায় বদলি করা হয়েছে। এছাড়া এসআই মো. শফিকুল ইসলামকে লক্ষ্মীপুর, মো. মিজানুর রহমানকে চাঁদপুর এবং মো. নুরুল আমিনকে নোয়াখালী জেলায় বদলি করা হয়েছে। এদের মধ্যে শফিকুল, মিজানুর ও নুরুল আমিনের বদলি প্রশাসনিক কারণে বলে উল্লেখ করা হয়েছে।
আর বাকিদের বদলি জনস্বার্থে। অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন বলেন, এক জায়গায় দীর্ঘদিন চাকরিতে থাকলে নিয়মিত বদলি হিসেবে জনস্বার্থে বদলি করা হয়। আর প্রশাসনিক কারণে বদলি হলো—নিয়মিত বদলির সময় হয়নি, কিন্তু প্রশাসনিক স্বার্থে মনে হচ্ছে তার এখানে থাকার যোগ্যতা নেই, তাকে অন্য জায়গায় বদলি করাটাই দরকার।
ইত্তেফাক/এএইচপি
