বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) চীনের গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার থিওরি নিয়ে আবার তদন্ত করবে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন গণমাধ্যম সিএনএনের বরাতে এখবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। গত ফেব্রুয়ারিতে স্বাস্থ্য সংস্থার একটি দল করোনার উৎস নিয়ে তদন্ত করতে চীনের উহানে গিয়েছিল।
প্রতিবেদনে এক বিশেষ সূত্রের বরাতে বলা হয়েছে, সেই তদন্ত রিপোর্টের সংযুক্তিতে থাকা একাধিক তথ্য কিছু অন্যরকম দৃষ্টিভঙ্গির দিকে ইঙ্গিত করে। এখানে চীনের স্টোরেজ এবং মানবদেহ থেকে সংগৃহীত পজিটিভ কোভিড -১৯ নমুনা ধ্বংসের বিবরণ আছে। তাৎপর্যপূর্ণভাবে একইসময়ে ২০১৯ সালের ডিসেম্বরে করোনার সময়ে একটি ইনফ্লুয়েঞ্জা সংক্রমণও ঘটেছিল। এমনকি করোনায় আক্রান্ত প্রথম জ্ঞাত ব্যক্তি আলাদা আলাদা ২৮টি খাদ্য ও পশুবাজারের সংস্পর্শে এসেছিল।
তবে দলটির চীন প্রত্যাবর্তনের জন্য কোনও তারিখ নির্ধারণ করা হয়নি বলে বিশেষ সূত্রের বরাতে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। আরো বলা হয়, যুক্তরাষ্ট্র ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের (এফডিএ) সাবেক প্রধান জানিয়েছেন, চীনের ল্যাব থেকে করোনা ছড়িয়েছে এমন প্রমাণ বাড়ছে কারণ গবেষকরা এখনও প্রমাণ করতে পারেন নি যে ভাইরাসটি প্রাণী থেকে মানুষের মধ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি মাইক পম্পেও দাবি করেছেন, প্রমাণের প্রতিটি টুকরা উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি (ডব্লুআইভি) থেকে করোনাভাইরাস ফাঁস হওয়ার দিকে ইঙ্গিত করে। এর জন্য চীনা কমিউনিস্ট পার্টিই দায়ী।
ইত্তেফাক/এসএ
