কোকা-কোলার বোতলে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী

আপডেট : ২৭ মে ২০২১, ২০:২০

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনকে স্মরণীয় করে রাখতে বোতল ও ক্যানের গায়ে “হ্যাপি ফিফটি” শীর্ষক বিশেষ নকশা প্রকাশ করেছে দেশের কোমল পানীয় কোম্পানি কোকা-কোলা বাংলাদেশ। বিশেষ নকশার নতুন লেবেলটি ইতোমধ্যেই বাজারে এসেছে। ৫০০ ও ৬০০ এমএলের বোতলের পাশাপাশি ২৫০ এমএলের ক্যানের গায়ে শোভা পাচ্ছে এই বিশেষ নকশা। 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের আনন্দ বাংলাদেশের সকল নাগরিক ও ভোক্তার সাথে ভাগাভাগি করার উদ্দেশ্যেই কোকের গায়ে নতুন এই লেবেল প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠানটি এর আগেও পণ্যের গায়ে বিশেষ নকশা প্রকাশ করেছে। “হ্যাপি ফিফটি” নকশার বিশেষ লেবেলটি ভোক্তাদের মাঝে দারুণ এক অনুভূতির প্রকাশ ঘটাবে বলে আশা কোকা-কোলার। 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে গত মার্চ মাস থেকেই ব্যতিক্রমী ও বর্ণাঢ্য সব আয়োজন করে আসছে কোকা-কোলা। বিশেষ নকশা উন্মোচন ছাড়াও বিগত ৫০ বছরে বাংলাদেশের সেরা অর্জনগুলো তুলে ধরে থিমভিত্তিক বৃহৎ আকৃতির ৬টি বিশেষ রেপ্লিকা স্থাপন, ‘ফ্রম দ্য ওয়ার্ল্ড টু বাংলাদেশ’ শীর্ষক ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে বিশ্বের ৬০টিরও বেশি দেশের নাগরিকদেরকে ভিডিও শুভেচ্ছাবার্তা প্রকাশ এবং “হ্যাপি ফিফটি বাংলাদেশ” শিরোনামে অর্ণবের গাওয়া বিশেষ দেশাত্মবোধক গান ও ভিডিওচিত্র প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

ইত্তেফাক/এসএইচ