বৃষ্টি হলেই সড়কে জমে থাকে পানি

আপডেট : ২৭ মে ২০২১, ২১:০৫

বৃষ্টি হলেই হাঁটুপানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে লোহাগাড়া উপজেলা সদরের বিমান বিল্ডিং এলাকার উজিরভিটা সড়কটি। এই সড়কের বিমান বিল্ডিংয়ের সামনে থেকে বিজা মার্কেটের আল্লাহর দান ক্লথ স্টোর পর্যন্ত পানি জমে গিয়ে বেহাল অবস্থার সৃষ্টি হয়। এতে এলাকাবাসী, পথচারী ও গাড়িচালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। গত রবিবার বিকালে বৃষ্টির পর এমন চিত্র দেখা যায় সড়কের ঐ অংশটিতে।

এলাকাবাসী জানান, এলজিইডির আওতাধীন সড়কটিতে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই পানি জমে যায়। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে সড়কে চলাচল করা মাইক্রোবাস, রিকশা, মোটরসাইকেল, প্রাইভেটকার, সিএনজিসহ বিভিন্ন যানবাহনের চালক ও সাধারণ মানুষকে। সিএনজি অটোরিকশাচালক ধনা শীল জানান, সড়কটিতে অল্প বৃষ্টিতেই পানি জমে যায়। ফলে যাত্রীদের নিয়ে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় নারী যাত্রী কোথাও নামতে চাইলে খুবই বিব্রতকর অবস্থায় পড়তে হয়।

এলাকার বাসিন্দা গোবিন্দ হোটেলের মালিক অভি দাশ জানান, বৃষ্টির পর সড়কে পানি জমে থাকায় ব্যবসা পরিচালনা করতে অনেক কষ্ট হয়। কখনো কখনো সড়কে জমে থাকা পানি, গাড়ির চাকার ধাক্কায় দোকানে ঢুকে যায়। স্থানীয় বাসিন্দা মো. খাইর আহমদ বলেন, ‘এই সড়ক জনগুরুত্বপূর্ণ। বর্ষা মৌসুমে চরম ভোগান্তির মধ্যে আমরা চলাফেরা করি।’ এ বিষয়ে লোহাগাড়া উপজেলা প্রকৌশলী ইফরাদ বিন মুনীর বলেন, ‘আমি সম্প্রতি লোহাগাড়ায় যোগদান করেছি। সাংবাদিকদের মাধ্যমেই বিষয়টি অবগত হয়েছি। সড়কটি পরিদর্শন করে প্রয়োজন অনুযায়ী দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’