বরিশালের হিজলা উপজেলায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ঐ উপজেলার বড়জালিয়া ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন ঐ গ্রামের কাশেম হাওলাদার (৫৫) ও তার ছেলে মোক্তার হাওলাদার (২৫)। স্থানীয়রা জানায়, সকালে ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যায় কাশেম হাওলাদার। এ সময় স্থানীয় একটি ইটভাটার একটি বৈদ্যুতিক তারে সে বিদ্যুত্পৃষ্ট হয়। তাকে উদ্ধারে তার দুই ছেলে মোক্তার ও মনির হাওলাদার এগিয়ে আসলে তারাও বিদ্যুত্ স্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক কাশেম ও মোক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মনিরকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
