সারিয়াকান্দি-মাদারগঞ্জ নৌপথে ফেরি চালুর উদ্যোগ

আপডেট : ২৭ মে ২০২১, ২১:১২

বগুড়ার সারিয়াকান্দি থেকে জামালপুরে মাদারগঞ্জ পর্যন্ত যমুনায় ফেরি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই পথে বগুড়া থেকে ময়মনসিংহ হয়ে সড়কপথে ঢাকার দূরত্ব কমবে ৮০ কিলোমিটার। সারিয়াকান্দি-মাদারগঞ্জ নৌপথে ফেরি চালুর জন্য ফেরিঘাট নির্মাণ, সড়ক যোগাযোগ স্থাপন, নাব্যতা ফেরাতে নদী খননসহ নদী সংস্কার ও উন্নয়নকাজে প্রকল্প গ্রহণের প্রাক-সম্ভাব্যতা যাচাইয়ে একটি কারিগরি বিশেষজ্ঞ দল বুধবার সারিয়াকান্দি ও মাদারগঞ্জ এলাকা পরিদর্শন করেছে। জাতীয় গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের (আইডব্লিউএম) দুই সদস্যের প্রতিনিধিদল ফেরি চালুর সামাজিক ও অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই করছেন।

প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন আইডব্লিউএমের পরামর্শক মো. মহিউদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, রাজধানী ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগে দূরত্ব কমাতে বৃহত্তর ময়মনসিংহ হয়ে যমুনায় ফেরি সার্ভিস চালুর পরিকল্পনা দীর্ঘদিনের। প্রথমে বাহাদুরাবাদ-গাইবান্ধার বালাসি নৌপথে ফেরি চালুর পরিকল্পনা ছিল সরকারের। পরে সেই পরিকল্পনা আর এগোয়নি। এখন নতুন করে মাদারগঞ্জ-সারিয়াকান্দি ১৬ কিলোমিটার নৌপথে ফেরি চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

আইডব্লিউএমের পরামর্শক মো. মহিউদ্দীন পাটোয়ারী আরো বলেন, ‘দুই দিন ধরে আমরা নদীর দুই পারের মানুষ, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করছি কোন স্থানে ফেরিঘাট হলে নদীর নাব্যতা সারা বছর ঠিক থাকবে, যোগাযোগব্যবস্থা ও ঘাটের নিরাপত্তা নিশ্চিত হবে এবং পণ্য পরিবহন সহজলভ্য হবে। সাধারণ মানুষের মতামতসহ কারিগরি নানা দিক বিবেচনা করে সুপারিশসহ একটি প্রতিবেদন এখান থেকে ফিরে পানিসম্পদ মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।

স্থানীয় সূত্র জানায়, বাহাদুরাবাদ-বালাসি রুটে ফেরি চলাচল বন্ধের পর বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলার মানুষ জামালপুরের দেওয়ানগঞ্জের বদলে মাদারগঞ্জ হয়ে নৌকায় যমুনা পারাপারের পর বগুড়া হয়ে যাতায়াত শুরু করেন। উত্তরবঙ্গের লোকজনও সারিয়াকান্দির কালিতলা বা মথুরাপাড়া ঘাট থেকে খেয়ানৌকায় নদী পারাপার হয়ে ওপারের বিভিন্ন জেলায় যাতায়াত করছেন। এ পথে চলাচলে নৌকা ভাড়া জনপ্রতি ৬০ থেকে ৮০ টাকা। কালিতলা ঘাট থেকে মাদারগঞ্জ যেতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে। এই নৌপথের যাত্রীরা বলছেন, ওপারের জামালপুরের মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ ও কাজলা ঘাট থেকে এপারের বগুড়ার সারিয়াকান্দির কালীতলা ও মথুরাপাড়া নৌঘাটে খেয়ানৌকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে হাজার মানুষ চলাচল করছে। মাদারগঞ্জ-সারিয়াকান্দির এই নৌপথই উত্তরবঙ্গের সঙ্গে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলার মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। এই বাস্তবতায় এই নৌপথে দীর্ঘদিন ধরে ফেরি চালুর দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি বলেন, এই পথে ফেরি চালু হলে উত্তরাঞ্চলের মানুষ বৃহত্তর ময়মনসিংহ ছাড়াও রাজধানী ঢাকায় বাসে কম সময়ে যাতায়াত করতে পারবেন। পাশাপাশি যমুনা সেতুর ওপর চাপ কমবে। ফেরি চালু হলে যাত্রীদের দুর্ভোগ লাঘব হবে।