বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় বিএডিসি নির্বাহী প্রকৌশলীসহ চার জনের মৃত্যু হয়েছে। বুধ ও বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
শাহজাদপুর (সিরাজগঞ্জ) : শাহজাদপুরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) পাবনার নির্বাহী প্রকৌশলী ও পানাসি প্রকল্পের পরিচালক সাজ্জাদ হোসেন ভূইয়ার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পাবনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ বি এম মাহমুদ হাসান ও গাড়ির চালক সাইদুল ইসলাম। হাটিকুমরুল-পাবনা মহাসড়কের শাহজাদপুরের পারকোলায় এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক ফিরোজ হোসেন জানান, বিএডিসি নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন ভূইয়া ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ টি এম মাহমুদ নিজেদের পিকআপ ভ্যানে করে ঢাকার দিকে যাচ্ছিলেন। পারকোলা এলাকায় গাড়ির সামনের চাকা ফেটে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগলে তারা দুর্ঘটনার শিকার হন।
আদমদীঘি (বগুড়া) : আদমদীঘিতে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী আনন্দ পাহানের মৃত্যু হয়েছে। উপজেলার ছাতিয়ানগ্রাম-আদমদীঘি সড়কের ডহরপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তবে ট্রাক নিয়ে চালক পালিয়েছে।
পঞ্চগড় :পঞ্চগড়ের তেতুঁলিয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনিছুর রহমান নামের এক আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো তিন জন। বুধবার রাতে তেঁতুলিয়া উপজেলার তেতুঁলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের গোয়ালগছ বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। তেতুঁলিয়া মডেল থানার ওসি আবু সায়েম মিয়া বলেন, আনিছুরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
ছাতক (সুনামগঞ্জ) :ছাতকে মোটসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আরোহী রাজু আহমদের মৃত্যু হয়েছে। বুধবার রাতে টেটিয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা রাজু আহমদকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিত্সক মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
