করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে চলছে সাত দিনের কঠোর লকডাউন। এ লকডাউন উপেক্ষা করে শিবগঞ্জে ট্রাকে করে যাত্রী বহনের দায়ে ২১ জন যাত্রীসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে ট্রাকে করে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় গোপন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বির নেতৃত্বে ট্রাকটি জব্দ করা হয়। কয়েক জন যাত্রী পালিয়ে গেলেও ২১ জনকে আটক করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি বলেন, ‘আটক ২১ যাত্রীর বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তাদের উপজেলা পরিষদে রাখা হয়েছে।’
