লাকসামে হ্যান্ড গ্রেনেড উদ্ধার

আপডেট : ২৭ মে ২০২১, ২১:১৩

লাকসামে পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌরসভার ডুরিয়া বিষ্ণুপুর এলাকা থেকে গ্রেনেডটি উদ্ধার করে লাকসাম থানার পুলিশ। লাকসাম থানার উপপরিদর্শক আবু নাছের জানান, ডুরিয়া দীঘি খনন শেষে শ্রমিকেরা চলে গেলে পার্শ্ববর্তী বাড়ির শিশুরা সেখানে খেলতে যায়। তারা বল ভেবে গ্রেনেডটি কুড়িয়ে নিয়ে খেলা করছিল। তবে ওজন বেশি হওয়ায় তা বয়স্কদের দেখালে তারা ধুয়ে পরিষ্কার করে এটিকে বোমা ভেবে ৯৯৯ নম্বরে ফোন করেন। রাতে লাকসাম থানার পুলিশ কাশেম পিলারের বাড়ির পাশের দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, অবিস্ফোরিত অবস্থায় উদ্ধারকৃত গ্রেনেডটি মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানি বাহিনীর। ওসি মোহাম্মদ মেজবাহ উদ্দিন ভূইয়া জানান, গ্রেনেডটি উদ্ধারের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বোম ডিসপোজাল টিম গ্রেনেডটি ধ্বংস করবে।