ডাক অধিদপ্তরকে অনলাইন ব্যবসায় দ্রুত পদক্ষেপ নিতে হবে :প্রধানমন্ত্রী

আপডেট : ২৭ মে ২০২১, ২১:১৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক অধিদপ্তরকে অনলাইন ব্যবসায় সর্বাধিক সুবিধা কাজে লাগানোর জন্য অবিলম্ব্বে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন । তিনি বলেছেন, সেটি করা গেলে সময়ের সঙ্গে সঙ্গে ডাক বিভাগ আরো জনপ্রিয় হয়ে উঠবে। প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু অনলাইন ক্রয়-বিক্রয় জনপ্রিয়তা লাভ করছে। কাজেই, ডাকঘর পিছিয়ে থাকলে চলবে না। ডাক বিভাগকে এ ব্যাপারে আরো দ্রুত পদক্ষেপ নিতে হবে। তাহলে, এটাও হবে ডাক বিভাগের জন্য একটি বড় ব্যবসার ক্ষেত্র।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেরে বাংলা নগরে আধুনিক স্থাপত্য নকশায় ১৫০ ফুট উঁচু গাড়ি পার্কিংয়ের সুবিধা সংবলিত ১৪ তলাবিশিষ্ট লেটার বক্সের (চিঠির বাক্স) আকৃতিতে নির্মিত ডাক বিভাগের নতুন সদর দপ্তর ‘ডাকভবন’এর উদ্বোধনকালে এ কথা বলেন। তিনি গতকাল সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি এই ভবনের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা ডাক বিভাগের পরিবহন ব্যবস্থা ত্বরান্বিত করতে ১১৮টি ডাক গাড়ি সংযোজন করেছি। এসব গাড়ি চালনার জন্য পুরুষের পাশাপাশি নারীকে চালক হিসেবে নিয়োজিত করেছি। তিনি বলেন, ডাক বাছাই ত্বরান্বিতকরণ ও পচনশীল দ্রব্য সংরক্ষণের জন্য চিলিং চেম্বারের সুবিধা সংবলিত ওয়্যারহাউজযুক্ত ১৪টি অত্যাধুনিক মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণের কাজ সমাপ্তির পথে। প্রধানমন্ত্রী বলেন, ৩৮টি মডেল ডাকঘর নির্মাণের কাজ সরকার হাতে নিয়েছে।

‘ডাকভবন’ উদ্বোধন উপলক্ষ্যে একটি বিশেষ স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী এই বিশেষ স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ও ডাক ও টেলিযোগাযোগ সচিব আফজাল হোসেন বক্তব্য দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতউল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।