ব্র্যাক ব্যাংকে মুনাফার সঙ্গে বেড়েছে খেলাপি ঋণ

আপডেট : ২৭ মে ২০২১, ২১:২৪

করোনা ভাইরাসের এ দুর্যোগকালেও মুনাফা বেড়েছে বেসরকারি ব্র্যাক ব্যাংকের। ২০২১ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যাংকটির কর-পরবর্তী মুনাফা হয়েছে ১৪১ কোটি টাকা। যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩৩ শতাংশ বেশি। পাশাপাশি প্রথম প্রান্তিকে খেলাপি ঋণও বেড়েছে ব্যাংকটির। চলতি বছরের মার্চ পর্যন্ত ব্যাংকের নন-পারফর্মিং লোন তথা এনপিএল (খেলাপি ঋণ) অনুপাত দাঁড়িয়েছে ৪ দশমিক ৪ শতাংশ, যা আগের বছরের একই সময়ের চেয়ে দশমিক ৬ শতাংশ বেশি। গতকাল বৃহস্পতিবার ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে ডিজিটাল প্ল্যাটফরমে একটি আর্নিংস ডিসক্লোজার অনুষ্ঠানে ২০২১ সালের প্রথম প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করে ব্র্যাক ব্যাংক।