এবারও পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার ইউরোপার ফাইনালে অনেক নাটকীয়তার পর ভিয়ারিয়াল টাইব্রেকারে ১১-১০ গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। করোনা মহামারির মধ্যে এই প্রথম দর্শক উপস্থিতি ফাইনাল হয়েছে। পোল্যান্ডের এনার্জা গতদানস্ক স্টেডিয়ামে ফাইনালে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল এবং ইংলিশ ক্লাব ম্যানচেস্টারের মধ্যে দারুণ লড়াই দেখেছেন দর্শক। নাটকীয় লড়াইয়ের ৯০ মিনিট ১-১ গোলে ড্র ছিল। জেরার্ড মোরেনোর ২৯ মিনিটে করা গোলে প্রথমে এগিয়ে যায় ভিয়ারিয়াল। সেই গোল ম্যানইউ শোধ দেয় দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে। টানটান উত্তেজনায় ভরা ম্যাচে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও স্কোরলাইন ১-১ থাকায় গড়ায় টাইব্রেকে। যেখানে ম্যানইউকে একরাশ হতাশা উপহার দেন ভিয়ারিয়ালের আর্জেন্টাইন গোলকিপার জেরোনিমো রুল্লি। রুদ্ধশ্বাস ম্যাচের পর টাইব্রেকারে ভিয়ারিয়াল ও ম্যানইউর ১০ ফুটবলারই গোল করেন। পরে গোলকিপার হিসেবে রুল্লি বল জালে জড়াতে পারলেও, ম্যানইউর কিপার ডেভিড ডি হেয়া সাডেন ডেথে গোল করতে ব্যর্থ হন। ভিয়ারিয়ালের আর্জেন্টাইন কিপার রুল্লিই দারুণ দক্ষতায় রুখে দেন সেই শট। ফলে প্রথমবারের মতো ইউরোপের কোনো বড় টুর্নামেন্টে উঠেই শিরোপা পায় ভিয়ারিয়াল। সঙ্গে চ্যাম্পিয়নস লিগের টিকিট।
