কুমিল্লায় রেলযাত্রীদের দুর্ভোগ

আপডেট : ২৭ মে ২০২১, ২১:৩৫

লাকসাম-আখাউড়া ডাবল লাইন প্রকল্পের অধীন কুমিল্লা ১ নম্বর রেলওয়ে স্টেশন প্লাটফরম নির্মাণকাজের জন্য ২ নম্বর প্লাটফরমে ওঠানামার সিঁড়ি নেই। প্লাটফরমের উত্তর বা দক্ষিণে কমপক্ষে ২০০-২৫০ মিটার পথ হেঁটে বয়স্ক, অসুস্থসহ শিশুদের প্লাটফরমে ওঠানামা করা অত্যন্ত কষ্টকর। ঐ পথ অতিক্রম করে নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে না পারায় অনেকে ট্রেন ফেল করেন। লাকসাম-আখাউড়া ডাবল লাইন প্রকল্পের অধীন কুমিল্লা রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফরমসহ রেলপথ নির্মাণের জন্য মাটি ফেলার কাজ চলছে এই মুহূর্তে। এজন্য ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন গন্তব্যের ট্রেনগুলো ২ নম্বর প্লাটফরম সংলগ্ন রেলপথ হয়ে আসা-যাওয়া করছে। ফলে স্বাভাবিকভাবেই ২ নম্বর প্লাটফরমটিই যাত্রী ওঠানামার জন্য ব্যবহার হচ্ছে। এদিকে স্টেশনের ফুটওভারব্রিজটির নির্মাণ সম্পন্ন হয়নি। মাটির লেবেল থেকে কমপক্ষে ৪ ফুট উঁচুতে থাকা ২ নম্বর প্লাটফরমে ওঠানামার কোনো ব্যবস্থা নেই। এ অবস্থায় যাত্রীরা স্টেশনের উত্তর দিকে শাসনগাছা ও দক্ষিণ দিকে ধর্মপুর রেলগেট হয়ে কমপক্ষে ২০০-২৫০ মিটার পথ ঘুরে ঝুঁকি নিয়ে প্লাটফরমে পৌঁছতে হচ্ছে। এতে একদিকে সময় অন্যদিকে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। দিনের বেলা যেমন-তেমন হলেও রাতের বেলা এক অসহনীয় অবস্থা। আছে ছিনতাইকারীদের তত্পরতাও। এ অবস্থায় অনেকেই টিকেট কেটেও যাত্রা বাতিল করছেন। পরিশেষে, যাত্রীদের দুর্ভোগ ঘোচাতে রেলওয়ে (পূর্বাঞ্চল) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা আশা করছি।

মামশাদ কবীর

কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০