ডোমারে ওয়ার্ডবয় দিয়ে অ্যানেসথেসিয়া প্রয়োগের অভিযোগ :প্রসূতির মৃত্যু

আপডেট : ২৭ মে ২০২১, ২২:১৫

ডোমারে লিপি আক্তার (২০) নামে এক প্রসূতিকে ওয়ার্ডবয় দিয়ে সিজারের সময় অ্যানেসথেসিয়া দেওয়ার অভিযোগ উঠেছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঐ প্রসূতির মৃত্যু হয়। গত বুধবার রাতে উপজেলার পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। সিজার করেন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিশেষজ্ঞ ডাক্তার ফারজানা আফরিন। নিজ কর্মস্থলে না গিয়ে ডোমারে বেশি সময় থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

লিপি আক্তার ডোমার পৌরসভার ডাঙ্গাপাড়া এলাকার মিলন ইসলামের স্ত্রী ও গোমনাতি ইউনিয়নের আমবাড়ী এলাকার রইসুল ইসলামের মেয়ে।

লিপির বাবা রইসুল ইসলাম বলেন, সন্ধ্যায় আমার মেয়েকে সিজারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যায়। কিছুক্ষণ পর আমাদের জানায় একটি কন্যাসন্তান হয়েছে। আর আমার মেয়ের নাকি শ্বাসকষ্ট দেখা দিয়েছে। ক্লিনিকের লোকজন একটি মাইক্রোতে আমার মেয়েকে তুলে রংপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার জন্য আমাদের জানায়। শ্বাসকষ্ট হলে অক্সিজেন কেন দেওয়া হচ্ছে না জানতে চাইলে, তারা জানায় অক্সিজেন লাগবে না। রংপুর মেডিক্যালে ক্লিনিকের লোকজন আমাদের নামিয়ে দিয়ে পালিয়ে যায়। আমার মেয়ের অনেক আগেই মৃত্যু হয়েছে বলে রংপুর মেডিক্যাল হতে আমাদের নিশ্চিত করে।

তিনি অভিযোগ করে জানান, সিজারের সময় জিয়া হোসেন নামে ক্লিনিকের এক ওয়ার্ডবয় অ্যানেসথেসিয়া দেওয়ায় আমার মেয়ের মৃত্যু হয়েছে।