রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর সাহিনুদ্দীন হত্যা মামলায় শেখ রাসেল হোসেন বাবু ওরফে কালা বাবু ওরফে কালুকে পুলিশ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে বাবুকে পল্লবী এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে।
বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সৈয়দ ইফতেখার হোসেন। একই সঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম তিন দিনের রিমান্ডের আদেশ দেন। গত ১৬ মে রাজধানীর পল্লবীতে নিজ সন্তানের সামনে সাহিনুদ্দীনকে সন্ত্রাসীরা চাপাতি ও রামদা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।
