অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করার পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিতাস গ্যাস কোম্পানির যাত্রামুড়া অফিসে ভাঙচুর ও হামলার চেষ্টা করেছে কয়েক জন স্থানীয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সূত্র জানায়, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কারণে গতকাল তিতাসের রূপগঞ্জের যাত্রামুড়া অফিসে সংঘবদ্ধ এলাকাবাসী এসে পুনরায় গ্যাস সংযোগ দেওয়ার আবেদন করেন। তিতাসের স্থানীয় কর্মকর্তারা তাদের জানিয়েছে—অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সুযোগ নাই। যদি কিছু বৈধ সংযোগ থেকেও থাকে তাদের দীর্ঘ সময় ধরে গ্যাস বিল বকেয়া রয়েছে। বকেয়া গ্যাস বিল পরিশোধ সাপেক্ষে বৈধ সংযোগ পুনর্বিবেচনা করা হবে। তবে স্থানীয় অবৈধ সংযোগ গ্রহণকারীরা তিতাসের কর্মকর্তাদের কথা না শুনে ভাঙচুর করার চেষ্টা চালায় ঐ অফিসে। পরে তিতাস কর্তৃপক্ষ পুলিশ ও র্যাবের সহযোগিতায় ছত্রভঙ্গ করে দেয়।
এ বিষয়ে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আলী ইকবাল মো. নূরুল্লাহ বলেন, অবৈধ সংযোগ ব্যবহারকারীদের ছাড় দেওয়া হবে না। আর বৈধ গ্রাহক যারা রয়েছে তারা নিয়ম মোতাবেক বিল পরিশোধ করলে তাদের বিষয়ে বিবেচনা করা হবে। তিনি বলেন, সরকারি অফিসে যারা ভাঙচুর করার বা হামলা করার চেষ্টা করেছে তাদের সিসি ফুটেজ বা ছবি দেখে মামলা করে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ যে কোনো মূল্যে অবৈধ গ্যাস সংযোগ শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে।
