বৈরী আবহাওয়ায় পদ্মায় ট্রলার ডুবি মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার

আপডেট : ২৮ মে ২০২১, ০০:২৩

শরীয়তপুরের জাজিরায় মাঝিরঘাট-শিমুলিয়া নৌপথে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ঐ ট্রলারের যাত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আকনের (৭০) লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। তার বাড়ি জাজিরার ফকির মাহমুদ আকনকান্দি গ্রামে। বৃহস্পতিবার বিকালে জাজিরার পালেরচর থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া যাওয়ার পথে ইঞ্জিনচালিত ট্রলারটি পৈলান মোল্যারকান্দি নামক স্থানে পদ্মা নদীতে ডুবে যায়। ঐ ট্রলারে থাকা চার ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

জাজিরা উপজেলা প্রশাসন সূত্র জানায়, বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলমাঝির ঘাট-শিমুলিয়া নৌপথে সব ধরনের নৌযান বন্ধ রয়েছে। এ কারণে কয়েক জন জাজিরার পালেরচর এলাকা থেকে একটি মাছ শিকারের ট্রলারে করে পদ্মা পাড়ি দিচ্ছিলেন। বিকাল ৪টার দিকে ১৬ যাত্রী নিয়ে ট্রলারটি পালেরচর ঘাট থেকে ছেড়ে যায়। ৫টার দিকে পদ্মা নদীর প্রবল স্রোত ও ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। স্থানীয় বিভিন্ন নৌযান ১১ ব্যক্তিকে জীবিত উদ্ধার করে। তাদের মধ্যে ছয় জনকে চিকিত্সার জন্য জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর নৌ-পুলিশ সন্ধ্যার দিকে বাবুরচর এলাকা থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আকনের মরদেহ উদ্ধার করে।

নৌ-পুলিশের মাঝিরঘাট ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মৃদুল চন্দ্র কপালিক  বলেন, রাত ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়েছিল। অন্ধকারে নদীতে কাজ করা যাচ্ছিল না। তাই শুক্রবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে। জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুজ্জামান ভুঁইয়া বলেন, বৈরী আবহাওয়ার কারণে দুই দিন যাবত্ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। কিন্তু প্রশাসনের দৃষ্টি এরিয়ে পদ্মা নদীর একটি চর থেকে মাছ শিকারের ট্রলারে চেপে যাত্রীরা পদ্মা পাড়ি দিচ্ছিলেন।