সমাজবিজ্ঞানে স্পেনের সর্বোচ্চ সম্মাননা পেলেন অমর্ত্য সেন

আপডেট : ২৮ মে ২০২১, ০৯:৩৭

সমাজবিজ্ঞানে স্পেনের সর্বোচ্চ সম্মাননা ‘প্রিন্সেস অব অস্টুরিয়াস’ পেয়েছেন নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বুধবার (২৬ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার নাম ঘোষণা করা হয়। পুরস্কার হিসেবে জোয়ান মিরোর একটি মূর্তি, একটি প্রশংসাপত্র ও ৫০ হাজার ইউরো পেয়েছেন অমর্ত্য সেন। এসব খবর দিয়েছে একাধিক ভারতীয় গণমাধ্যম।

স্পেনের প্রিন্সেস অফ অস্টুরিয়াস ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্ভিক্ষের ওপর অর্থনীতিবিদ অমর্ত্য সেনের গবেষণা এবং তার ‘থিওরি অব হিউম্যান ডেভেলপমেন্ট’ জনকল্যাণকর। গত কয়েক দশক ধরে বিশ্বে ন্যায়বিচারের প্রশ্ন তুলে তিনি সকলের পথপ্রদর্শক হিসেবে কাজ করে চলেছেন। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে ধারাবাহিকভাবে লড়ে চলেছেন এই অর্থনীতিবিদ। তার কাজ কখনও প্রাসঙ্গিকতা হারাতে পারে না।

প্রিন্সেস অব অস্টুরিয়াস পুরস্কারের জন্য অমর্ত্য সেনের নাম মনোনীত করেন বার্সেলোনায় কাসা এশিয়ার ডিরেক্টর জেনারেল জেভিয়ার প্যারানডো। উদারনৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য ১৯৯৮ সালে অমর্ত্য সেন অর্থনৈতিক বিজ্ঞানে ব্যাংক অব সুইডেন পুরস্কার (অর্থনীতির নোবেল পুরস্কার হিসেবে পরিচিত) লাভ করেন।

ইত্তেফাক/এসএ